সীমান্তে টাস্কফোর্স অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় ফুচকা ও সিরামিক জব্দ
সীমান্তে টাস্কফোর্স অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় ফুচকা ও সিরামিক জব্দ। সুনামগঞ্জের তাহিরপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে এসব পন্য জব্দ করা হয়।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত টাস্কফোর্স অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় ২৬ লাখ টাকার ভারতীয় ফুচকা ও সিরামিক কাপ জব্দ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গত ২১ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার লাউড়েরগড় সীমান্তের ১২০৪/এমপি পিলার এলাকার দক্ষিণে ৫নং বাঁধাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় অভিযানটি পরিচালিত হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও-এর নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৯,৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ (মূল্য ২৪ লাখ ২৫ হাজার টাকা) ও ৭০০ কেজি ফুচকা (মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা) জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্য চোরাচালান করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের নেতৃত্বে রয়েছেন হুন্ডি জসিম, পিচ্চি বাইজিদ, শহিদ মিয়া, রাব্বি (২৫) ও রমজান আলী (৩০)। তারা যাদুকাটা নদী, শাহ আরেফিন মোকাম, বার্ড হাট ও দশঘর ভাঙা এলাকা ব্যবহার করে চোরাইপথে পণ্য আনা-নেয়া করছে।
দেখুন>>রামপালে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
অভিযানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২৮ বিজিবির বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, এসআই বদিউজ্জামান, তিনজন পুলিশ সদস্য ও ২৭ জন বিজিবি সদস্য।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” আটককৃত পণ্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমার প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
